বৃহস্পতিবার

৯ জুলাই, ২০২৬ ২৫ আষাঢ়, ১৪৩৩

ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ দাবি নোয়াখালীর তরুণের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬ ১৫:৪০

শেয়ার

ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ দাবি নোয়াখালীর তরুণের
ছবি সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফা সভাপতি, ম্যাচ রেফারিসহ ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক তরুণ। একই সঙ্গে তিনি পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে বিষয়টি স্থানীয় থানার আইনগত এখতিয়ারের বাইরে হওয়ায় অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেনি পুলিশ।

অভিযোগকারী মো. রাকিব (২২) নোয়াখালী সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার (৮ জুলাই) রাতে তিনি সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ জমা দেন।

লিখিত অভিযোগে রাকিব উল্লেখ করেন, মঙ্গলবার রাতে স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপের ম্যাচ দেখার সময় তিনি লক্ষ্য করেন, ম্যাচের রেফারি ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দিয়েছেন। এর ফলে তার প্রিয় দল মিসর পরাজিত হয়েছে বলে তিনি দাবি করেন।

অভিযোগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচের ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং সংশ্লিষ্ট আরও ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

রাকিবের দাবি, ম্যাচে অন্যায্য পেনাল্টি দেওয়া, বৈধ গোল বাতিল এবং মিসরের খেলোয়াড় ও কোচিং স্টাফের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্তের মাধ্যমে ম্যাচের ফলাফল প্রভাবিত করা হয়েছে। এতে তিনি এবং মিসরের সমর্থকেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এজন্য তিনি ফিফার কাছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ওই তরুণ লিখিত অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন। তবে আন্তর্জাতিক ক্রীড়া সংক্রান্ত এ ধরনের বিষয়ে স্থানীয় থানার কোনো আইনগত এখতিয়ার নেই। বিষয়টি তাকে বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাকিব বলেন, ম্যাচটি দেখার পর তিনি ও তার সঙ্গে থাকা অন্য সমর্থকেরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। পুলিশ অভিযোগ গ্রহণ না করায় তিনি একই অভিযোগ আদালতে দাখিল করবেন। প্রয়োজনে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচিও পালন করবেন বলে জানান তিনি।



banner close
banner close