শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গোপন অঙ্গে ইয়াবা: নারী গ্রেপ্তার

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬ ১৪:৩৯

আপডেট: ৯ জুলাই, ২০২৬ ১৭:৪৯

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় গোপন অঙ্গে ইয়াবা: নারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে করে শরীরের গোপন স্থানে ইয়াবা ট্যাবলেট লুকিয়ে ঢাকায় পাচারের চেষ্টার সময় এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহ আলম মিয়া।

গ্রেপ্তার হওয়া সাবিত্রী রানী ব্রহ্ম (৫০) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের বণিকপাড়া এলাকার বাসিন্দা। তিনি নির্মল ব্রহ্মের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রেলওয়ে পুলিশ। তথ্য ছিল, এক নারী যাত্রী শরীরের গোপন স্থানে ইয়াবা বহন করে রাজধানীতে পাচারের চেষ্টা করছেন।

পরে নারী পুলিশের সহায়তায় সন্দেহভাজন ওই নারীকে তল্লাশি করা হয়। একপর্যায়ে তার শরীরের গোপন স্থান থেকে একটি ছোট প্যাকেটে মোড়ানো ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহ আলম মিয়া বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।' তিনি আরও বলেন, মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে রেলওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।