বৃহস্পতিবার

৯ জুলাই, ২০২৬ ২৫ আষাঢ়, ১৪৩৩

সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬ ১১:৩২

শেয়ার

সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৩০৬ বোতল নিষিদ্ধ মাদক সিরাপ, নগদ ১৪ হাজার টাকা ও একটি মাইক্রোবাসসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

র‌্যাব-১২ জানায়, অধিনায়কের নির্দেশনায় গত ৮ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে সদর কোম্পানির একটি আভিযানিক দল সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুসলিম নগর এলাকার মো. রবিউল ইসলাম (৫৪) এবং মিলেরপাড় এলাকার মো. তহিদুল ইসলাম (৩৮)।

অভিযানে তাদের কাছ থেকে ২৬২ বোতল ফেয়ারডিল, ৪৪ বোতল স্ক্যাফ সিরাপ, মাদক বিক্রির কাজে ব্যবহৃত বলে দাবি করা নগদ ১৪ হাজার টাকা এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে জানানো হয়, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে মাইক্রোবাসে করে ফেয়ারডিল ও স্ক্যাফ সিরাপ বহন করে ঢাকা-সহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।



banner close
banner close