ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আশাবাদ সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্তের আলোকে এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলার প্রায় তিন লক্ষাধিক মানুষ উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট, চিকিৎসক ও জনবল ঘাটতির কারণে রোগীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। ১০১ শয্যায় উন্নীত হলে হাসপাতালের অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম, জনবল
এবং সেবার পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ফলে অনেক রোগীকেই আর জেলা সদর বা রাজধানীমুখী হতে হবে না।
এ উদ্যোগের পেছনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য "ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল" এর আন্তরিক প্রচেষ্টা ও উদ্যোগের কথা স্থানীয়রা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছেন। তাঁদের প্রত্যাশা, প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে বিজয়নগরে চিকিৎসা খাতে এক যুগান্তকারী পরিবর্তন আসবে।
স্বাস্থ্যসেবায় সংশ্লিষ্টদের মতে ১০১ শয্যায় উন্নীত হওয়ার মাধ্যমে হাসপাতালে নতুন চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে জরুরি বিভাগ, মাতৃসেবা, শিশুস্বাস্থ্য ও বিশেষায়িত চিকিৎসাসেবার মানও বাড়বে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিজয়নগরের স্বাস্থ্যখাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আরও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে।
স্থানীয়দের প্রত্যাশা দ্রুত প্রকল্পের বাস্তবায়ন সম্পন্ন হোক, আর বিজয়নগরের মানুষ আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবার সুফল ভোগ করুক।
আরও পড়ুন:








