ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক দুই অভিযানে মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালিয়ে গেলেও তার ফেলে যাওয়া ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক এলাকায় কসবা-নয়নপুর সড়কে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালিয়ে গেলে ঘটনাস্থলে ফেলে যাওয়া ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন সকাল সাড়ে ৬টার দিকে কসবা থানার আরেকটি দল বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. মঞ্জরুল ইসলাম, পিতা: মো. শফিকুল ইসলাম, গ্রাম: রঘুনাথপুর এবং মো. রিয়াজুল ইসলাম, পিতা: মো. ইছহাক মিয়া, গ্রাম: ধোপাগাছিনা। উভয়ের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত পিকআপ গাড়িটি উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, প্রথম অভিযানে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কসবা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলমান থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:








