বুধবার

৮ জুলাই, ২০২৬ ২৪ আষাঢ়, ১৪৩৩

ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ২৩:০৫

শেয়ার

ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি
ছবি: বাংলা এডিশন

ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট দিয়ে দেশ ছাড়ার সময় ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহরিয়ার করিমকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা বিচারাধীন থাকায় নাম ইমিগ্রেশনের স্টপলিস্টে থাকায় তাঁকে আটক করা হয়।

বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে এ ঘটনা ঘটে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

আটক শাহরিয়ার করিম ঝিনাইদহ সদর উপজেলার উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ভারতগামী যাত্রী হিসেবে শাহরিয়ার করিম ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে এলে নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় তাঁর নাম ইমিগ্রেশন স্টপলিস্টে রয়েছে বলে শনাক্ত হয়। এরপর তাঁকে তাৎক্ষণিকভাবে ইমিগ্রেশন পুলিশের হেফাজতে নেয়া হয়।

প্রাথমিক যাচাইয়ে জানা যায়, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী–২০২৬) অনুযায়ী ঝিনাইদহ থানায় দায়ের করা মামলা নম্বর–২০ (তারিখ: ৮ জুন ২০২৪) বিচারাধীন রয়েছে। ওই মামলায় আইনটির ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ থাকায় তাঁর নাম ইমিগ্রেশন স্টপলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, স্টপলিস্টে নাম থাকায় শাহরিয়ার করিমকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, আটক ব্যক্তির বিষয়ে ঝিনাইদহ থানাকে অবহিত করা হয়েছে। সেখান থেকে পুলিশ এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁর কাছে হস্তান্তর করা হবে।



banner close
banner close