টানা ভারী বর্ষণে পাহাড় ধসে সড়কের উপর পড়ে বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার (৮জুলাই) বিকাল ৫টার দিকে পৌর শহরের আমতলী পাড়া এলাকায় পাহাড়ের বিশাল অংশ ধসে বান্দরবানের প্রধান সড়কের উপর। এতে সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।
অপরদিকে, একই দিন বিকাল থেকে অব্যাহত বৃষ্টিতে থানচি উপজেলার বলিপাড়া বাগানপাড়া এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বান্দরবান-থানচি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে থানচি উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এছাড়া পাহাড় ধস ও সড়ক প্লাবিত হওয়ার কারণে চট্টগ্রাম-বান্দরবান এবং বান্দরবান-কক্সবাজার সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। এতে দূরপাল্লার যাত্রী, পর্যটক ও পণ্যবাহী যানবাহনের চালক-শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েছেন।
পরিস্থিতি স্বাভাবিক করতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মী, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক এবং ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার ও সড়ক পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে টানা বর্ষণ অব্যাহত থাকায় কাজ ব্যাহত হচ্ছে এবং নতুন করে পাহাড় ধসের আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
স্থানীয়রা জানান, বৃষ্টি থামলেই পাহাড় ধসে পড়া মাটি অপসারণ এবং প্লাবিত সড়ক থেকে পানি নেমে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।
আরও পড়ুন:








