বুধবার

৮ জুলাই, ২০২৬ ২৪ আষাঢ়, ১৪৩৩

ময়মনসিংহে স্বচ্ছতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ২০:৫৩

আপডেট: ৮ জুলাই, ২০২৬ ২০:৫৬

শেয়ার

ময়মনসিংহে স্বচ্ছতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি বাংলা এডিশন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলায় পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিভিন্ন ইউনিয়নে গাছের চারা, সাংস্কৃতিক ব্যক্তিদের অনুদানের চেক এবং অসচ্ছল পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টায় ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ চত্বরে ব্রহ্মপুত্র হলরুমে জেলা প্রশাসনের নির্দেশনা এবং ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন। তাই প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম, অপচয় কিংবা নিম্নমানের কাজের সুযোগ নেই। তিনি প্রকল্পের প্রতিটি ধাপে সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পিআইসি সভাপতিদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের প্রতিটি কাজ নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করতে হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, পিআইসি সভাপতি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

মতবিনিময় সভায় উন্নয়ন প্রকল্পের অর্থের যথাযথ ব্যবহার, নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন, গুণগত মান বজায় রাখা, স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সরকারি বিধি-বিধান অনুসরণের বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক সহায়তা বিতরণ করা হয়। সদর উপজেলার ১১টি ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের মোট ২ হাজার ২০০টি চারা বিতরণ করা হয়।

এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের কর্মসূচির আওতায় ময়মনসিংহ সদর উপজেলার সাংস্কৃতিক ব্যক্তিদের মাঝে মাসিক অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা এ উদ্যোগের জন্য সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলার ১০টি অসচ্ছল ও দরিদ্র পরিবারের মধ্যে মোট ১৫ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। এসব ঢেউটিন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিপূর্ণ বসতঘর মেরামত ও পুনর্নির্মাণে সহায়ক হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তাদের মতে, এ ধরনের মতবিনিময় সভা সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



banner close
banner close