বুধবার

৮ জুলাই, ২০২৬ ২৪ আষাঢ়, ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ২০:৩০

শেয়ার

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮
ছবি সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদরাসায় পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৭ জন শিশু, যারা সবাই ওই মাদরাসার শিক্ষার্থী। অপর নিহত ব্যক্তি মাদরাসার একজন শিক্ষক। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই রোহিঙ্গা।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকের ওই মাদরাসায় ক্লাস চলাকালে হঠাৎ পাহাড়ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ধ্বংসস্তূপ থেকে মোট ১৩ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৮ জন ঘটনাস্থলেই বা হাসপাতালে নেওয়ার পর মারা যান এবং আহত ৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে জীবিত উদ্ধার হওয়া ৫ শিশুকে ক্যাম্প-৩-এর জিকে হাসপাতাল, ক্যাম্প-৫-এর ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং ক্যাম্প-৬-এর আইআরসি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বেচ্ছাসেবকদের সহায়তায় ফায়ার সার্ভিসের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালিত হয়। এপিবিএন পুলিশ ও স্থানীয় রোহিঙ্গারাও উদ্ধারকাজে অংশ নেন। উদ্ধার অভিযান ইতোমধ্যে শেষ হয়েছে।

এদিকে টানা ভারী বর্ষণের কারণে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আরও পাহাড়ধসের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।



banner close
banner close