রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাগমারা দোয়ালে পাড়া গ্রামে নেশার টাকার দাবিতে বৃদ্ধ বাবা-মাকে মারধর এবং পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে আবু হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আবু হোসেন ওই গ্রামের আ. জব্বার মোল্লার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত আবু হোসেন নেশার জন্য বাবা-মায়ের কাছে টাকা চান। তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তাদের মারধর করেন। পরে ঘরে থাকা পবিত্র কুরআন শরীফ চুলায় ফেলে আগুনে পুড়িয়ে দেন বলে অভিযোগ ওঠে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু হোসেনকে গ্রেপ্তার করে।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সজিব হোসেন বলেন, অভিযোগের বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। তদন্তে সত্যতা পাওয়া গেলে দোষীর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, অভিযোগের পরপরই অভিযান চালিয়ে আবু হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
প্রসঙ্গত, পবিত্র কুরআন শরীফ অবমাননার বিষয়টি অভিযোগ ও স্থানীয় সূত্রের বক্তব্যের ভিত্তিতে উল্লেখ করা হয়েছে। অভিযোগের সত্যতা তদন্ত এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।
আরও পড়ুন:








