রাজবাড়ীর কালুখালী রেলওয়ে স্টেশনে টানা চার বছর ধরে ট্রেনের তৃষ্ণার্ত যাত্রীদের বিনামূল্যে পানি পান করিয়ে আসা মানবিক মানুষ মুন্নু শেখকে সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করেছে কালুখালী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ জুলাই) কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন তার কার্যালয়ে মুন্নু শেখের হাতে সম্মাননা স্মারক ও আর্থিক সহায়তা তুলে দেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মুন্নু শেখের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ব্যাপক আলোচনায় আসে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে তার নিঃস্বার্থ মানবসেবাকে স্বীকৃতি জানিয়ে এই সম্মাননা ও সহায়তা প্রদান করা হয়।
মুন্নু শেখ উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম রতনদিয়া গ্রামের মোবারক শেখের ছেলে। প্রতিদিন দুপুরে কালুখালী রেলওয়ে স্টেশনে ট্রেন আসার আগেই তিনি হাতে বালতি ও ঠান্ডা পানিভর্তি বোতল নিয়ে প্ল্যাটফর্মে অপেক্ষা করেন। ট্রেন থামার সঙ্গে সঙ্গে তৃষ্ণার্ত যাত্রীদের হাতে বিনামূল্যে এক বোতল করে পানি তুলে দেন।
কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের ব্যানারে নয়, শুধুমাত্র মানবিক দায়বদ্ধতা থেকেই তিনি টানা চার বছর ধরে এই সেবামূলক কাজ করে যাচ্ছেন।
স্বার্থনির্ভর এই সময়ে মুন্নু শেখের এমন নিঃস্বার্থ উদ্যোগ স্থানীয় বাসিন্দা ও ট্রেনযাত্রীদের হৃদয় ছুঁয়ে গেছে।
তার এই মানবিক কাজের পেছনে রয়েছে ব্যক্তিগত এক বেদনাবিধুর স্মৃতি, যা তাকে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে অনুপ্রাণিত করেছে।
এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন বলেন, মুন্নু শেখের মতো মানুষ সমাজের জন্য অনুকরণীয়। তিনি কোনো স্বার্থের জন্য নয়, মানবিক দায়িত্ববোধ থেকেই দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে যাচ্ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার এই মহৎ উদ্যোগকে সম্মান জানাতে সামান্য আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ তার পাশে দাঁড়ালে তিনি আরও দীর্ঘদিন এই মানবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।
আরও পড়ুন:








