বুধবার

৮ জুলাই, ২০২৬ ২৪ আষাঢ়, ১৪৩৩

কুমিল্লায় বিশ্বকাপ ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত

মোশারফ হোসেন, কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ১১:৩৮

শেয়ার

কুমিল্লায় বিশ্বকাপ ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
ছবি: সংগৃহীত

কুমিল্লায় বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষে মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাতে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মিশর দলের সমর্থক ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ম্যাচ চলাকালে দুই দলের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় স্থানীয় কয়েকজনের হামলায় শরিফুল গুরুতর আহত হন বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এমন মর্মান্তিক ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close