বুধবার

৮ জুলাই, ২০২৬ ২৪ আষাঢ়, ১৪৩৩

মিশরের গোল উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষ, নাক ফাটল ব্রাজিল সমর্থকের

জাবেদ, মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ১০:৪৪

শেয়ার

মিশরের গোল উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষ, নাক ফাটল ব্রাজিল সমর্থকের
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে আর্জেন্টিনা–মিশর ফুটবল ম্যাচ দেখা নিয়ে গোল উদযাপনকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুই সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠু (৩৫) নাক ও চোখে গুরুতর আঘাত পান।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার কাঁটাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত অপরজন আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ সাকিব (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আর্জেন্টিনা–মিশর ম্যাচ চলাকালে মিশর গোল করলে ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠু উল্লাস প্রকাশ করেন। এ সময় আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ সাকিব এর প্রতিবাদ করলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি এবং পরে সংঘর্ষে রূপ নেয়। এতে মাঈনুদ্দিন মিঠুর নাক ফেটে যায় এবং চোখে গুরুতর আঘাত লাগে। অন্যদিকে মোহাম্মদ সাকিবের মাথা ফেটে যায়।

স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত মাঈনুদ্দিন মিঠুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ বলেন, মধ্যরাতে খেলা নিয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাঁর নাক ও চোখে গুরুতর আঘাত ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন, বিষয়টি কেউ এখনও অবগত করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close