মঙ্গলবার

৭ জুলাই, ২০২৬ ২৩ আষাঢ়, ১৪৩৩

জমি কিনেও দখল না পাওয়ার অভিযোগ প্রবাসীর

রহিম জাবেদ, ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬ ২১:১৫

শেয়ার

জমি কিনেও দখল না পাওয়ার অভিযোগ প্রবাসীর
ছবি বাংলা এডিশন

ফেনী পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পূর্ব বিজয়সিং এলাকার বাসিন্দা প্রবাসী বোরহান উদ্দিন ৯০ লাখ টাকায় কেনা জমির দখল না পাওয়ার অভিযোগ তুলেছেন। রেজিস্ট্রি ও নামজারি সম্পন্ন হওয়ার পরও দখল বুঝে নিতে গিয়ে হামলা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন।

বোরহান উদ্দিনের অভিযোগ, মমিনুল হকের কাছ থেকে ২০২২ সালে জমি কেনার পর প্রবাসের উপার্জিত অর্থ ও স্ত্রীর স্বর্ণালঙ্কার বিক্রি করে টাকা জোগাড় করেন। নিয়ম অনুযায়ী রেজিস্ট্রি ও নামজারি সম্পন্ন করার পর বিক্রেতার কথায় তিনি আবার বিদেশে ফিরে যান। দেশে ফিরে জমির দখল বুঝে নিতে চাইলে বিরোধ শুরু হয়। একাধিকবার যোগাযোগ করেও জমি বুঝে পাননি।

দখল নিতে গেলে হামলা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন প্রবাসী বোরহান উদ্দিন। তার স্ত্রীও একই অভিযোগ করে বলেন, জমির রেজিস্ট্রি ও নামজারি সম্পন্ন হলেও আজও দখল বুঝিয়ে দেওয়া হয়নি। জমি মাপতে গেলে অভিযুক্তের স্বজনরা ভয়ভীতি দেখিয়ে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। এতে পুরো পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।

প্রবাসী বোরহান উদ্দিনের শ্বশুর জানান, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় তারা আদালতে মামলা করেছেন। আদালতের মাধ্যমে ন্যায়বিচার ও ক্রয় করা জমির দখল ফিরে পাওয়ার প্রত্যাশা তাদের।

স্থানীয় এক ব্যক্তি বাংলা এডিশনকে জানান, এলাকায় আরও কয়েকজন একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন। জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেওয়া ও প্রতিবাদ করলে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি জমিজমা সংক্রান্ত বিরোধ। পারিবারিকভাবে সমাধান না হলে আদালতের মাধ্যমেই এর নিষ্পত্তি হবে।

অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত মমিনুল হকের বাড়িতে গেলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। একাধিকবার ফোন করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্বপ্নের জমি কিনেও দখল না পাওয়ার অভিযোগে এখন আদালতের দ্বারস্থ প্রবাসী বোরহান উদ্দিনের পরিবার। অভিযোগের সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও ক্রয়কৃত জমির দখল ফিরে পাওয়ার দাবি জানিয়েছে তারা। এখন আদালতের সিদ্ধান্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে ভুক্তভোগী পরিবার।



banner close
banner close