ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়নের প্রশাসক হিসেবে "ফজলুর রহমান ভূঁইয়া"কে নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। নির্বাচিত ইউনিয়ন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত তিনি প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ ইউনিয়নের সার্বিক দায়িত্ব পালন করবেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১৮(১)-এর ক্ষমতাবলে বরিশল গ্রামের বাসিন্দা ফজলুর রহমান ভূঁইয়াকে নবগঠিত বরিশল ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১১(১) অনুযায়ী গত ১২ মে ২০২৬ আখাউড়া উপজেলার আওতায় ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন গঠন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম যেমন- বরিশল, বৈষ্ণবপুর, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি ও চান্দিকে নিয়ে নতুন এ ইউনিয়ন গঠিত হয়। পরে ৪ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ গেজেটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়।
নবগঠিত বরিশল ইউনিয়নে রয়েছে ৯টি ওয়ার্ড। ইউনিয়নটির মোট আয়তন ১১ দশমিক ৮৭ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১৭ হাজার ৬৮৪ জন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্বাচিত ইউনিয়ন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত "ফজলুর রহমান ভূঁইয়া" ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আইন অনুযায়ী আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় নতুন ইউনিয়ন গঠনের মাধ্যমে এলাকায় প্রশাসনিক সেবা আরও সহজ হবে। পাশাপাশি স্থানীয় উন্নয়ন কার্যক্রমেও গতি আসবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, নবনিযুক্ত প্রশাসক "ফজলুর রহমান ভূঁইয়া" কসবা-আখাউড়া অঞ্চলের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য "আলহাজ কবীর আহমেদ ভূঁঞা" এর পিতা। তাঁর নিয়োগকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আরও পড়ুন:








