খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় দুইজনকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূজগাং এলাকার মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এবং ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
একটি সূত্রের তথ্য অনুযায়ী, পাঁচজন যুবক একটি টমটমে করে পানছড়ির দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনজনকে গুলি করে হত্যা করা হয়। হামলার পর বাকি দুইজনকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট আঞ্চলিক সংগঠনগুলোর কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
আরও পড়ুন:








