কুমিল্লার লাকসাম উপজেলার এক মেধাবী শিক্ষার্থী সুরাইয়া জান্নাত নিজ হাতে সম্পূর্ণ পবিত্র কোরআনুল কারিম লিখে এলাকায় আলোচনার জন্ম দিয়েছেন। দীর্ঘ আট মাসের পরিশ্রম, ধৈর্য ও একাগ্রতার মাধ্যমে তিনি এ অসাধারণ কাজ সম্পন্ন করেন। তার এই ব্যতিক্রমী অর্জনের স্বীকৃতিস্বরূপ লাকসাম উপজেলা প্রশাসন তাকে সম্মাননা প্রদান করেছে।
সুরাইয়া জান্নাত উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের বাসিন্দা। তিনি মুদাফরগঞ্জ এ.ইউ. ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।
পারিবারিক ও শিক্ষকদের উৎসাহে পবিত্র কোরআনের প্রতি ভালোবাসা থেকে তিনি হাতে কোরআন লেখার উদ্যোগ গ্রহণ করেন। প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যয় করে তিনি ধীরে ধীরে কোরআনের প্রতিটি সূরা ও আয়াত সুন্দরভাবে লিপিবদ্ধ করেন। প্রায় আট মাসের ধারাবাহিক প্রচেষ্টার পর তিনি সফলভাবে সম্পূর্ণ কোরআন লেখা শেষ করেন।
সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা। তিনি বলেন, সুরাইয়ার এই উদ্যোগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় এবং ধর্মীয় মূল্যবোধ চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, স্থানীয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা।
সুরাইয়া জান্নাত বলেন, “নিজ হাতে পবিত্র কোরআন লেখা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আল্লাহর অশেষ রহমতে সেই স্বপ্ন পূরণ হয়েছে। পরিবারের সদস্য ও শিক্ষকদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না।”
তিনি ভবিষ্যতেও ধর্মীয় শিক্ষা, সমাজসেবা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন:








