গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রবিবার বেলা দুপুরে টঙ্গীর মিরাশপাড়া নদীবন্দর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলো,টঙ্গী পূর্ব আরিচপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান (১১) এবং আনিছুর রহমানের ছেলে শামীম মিয়া (১৩)। তারা স্থানীয় সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতনের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্র ছিল। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
টঙ্গী ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে খেলাধুলা শেষে মিরাশপাড়া নদীবন্দর এলাকায় তুরাগ নদে গোসল করতে নামে তিন বন্ধু—শামীম, আফনান ও শীপন। একপর্যায়ে সাঁতার কাটার সময় আফনান ও শামীম নদীর তীব্র স্রোতে তলিয়ে যেতে থাকে। তাদের ডুবতে দেখে বন্ধু শীপন দ্রুত নদী থেকে তীরে উঠে চিৎকার শুরু করে এবং স্থানীয়দের বিষয়টি জানায়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী ও ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টার জোরালো প্রচেষ্টার পর নদী থেকে দুই ছাত্রকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার পরপরই তাদের টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান,খবর পাওয়ার পরপরই আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। নদী থেকে দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের বাঁচানো সম্ভব হয়নি।
এ বিষয়ে নদীবন্দর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফিরোজ মিয়া বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছে। স্কুলছাত্রদের মৃত্যুর বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:








