রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

আমাকে বহিষ্কার নয়, সংবর্ধনা দেওয়া উচিত ছিল: রিয়াজুল রিজু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬ ২০:৪৮

শেয়ার

আমাকে বহিষ্কার নয়, সংবর্ধনা দেওয়া উচিত ছিল: রিয়াজুল রিজু
ছবি: রিয়াজুল রিজু

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রিয়াজুল রিজু। তার দাবি, সংগঠন থেকে তাকে বহিষ্কার নয়, বরং সংবর্ধনা দেওয়া উচিত ছিল। একই সিদ্ধান্তে পরিচালক বদিউল আলম খোকন ও মঞ্জুরুল ইসলাম মেঘকেও আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য গাজী মাহবুব জানান, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগে তিন সদস্যের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বহিষ্কারের সিদ্ধান্তের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলে রিয়াজুল রিজু বলেন, সংবাদমাধ্যমের খবর দেখে তিনি বিষয়টি জানতে পেরেছেন। বহিষ্কারের আগে সমিতির পক্ষ থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি এবং কোনো ধরনের নোটিশও দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

বাপজানের বায়োস্কোপখ্যাত এই নির্মাতা বলেন, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কোনো সদস্যকে বহিষ্কার করার আগে একাধিকবার নোটিশ প্রদান এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু তার ক্ষেত্রে সেই নিয়ম অনুসরণ করা হয়নি বলে তার দাবি।

রিয়াজুল রিজুর দাবি, পরিচালক বদিউল আলম খোকনের দায়ের করা একটি মামলার জের ধরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় আন্দোলনের বিরোধিতা করেছিলেন, তাদের বিরুদ্ধে তিনি প্রকাশ্যে কথা বলেছেন। তিনি আরও দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত গেজেটভুক্ত একমাত্র চলচ্চিত্র পরিচালক তিনি। সেই বিবেচনায় তাকে বহিষ্কার নয়, বরং সংবর্ধনা দেওয়া উচিত ছিল।

উল্লেখ্য, গত বছর পরিচালক সমিতির নির্বাচন বাতিলের দাবিতে আদালতে মামলা করেছিলেন নির্মাতা বদিউল আলম খোকন। সমিতির দাবি, ওই মামলার কারণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তবে এ বিষয়ে বদিউল আলম খোকনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



banner close
banner close