শেরপুরের নালিতাবাড়ীতে এক জামায়াত নেতার ওপর অতর্কিত ও নৃশংস হামলার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা তার মাথায় কালো ব্যাগ পরিয়ে এবং হাত-পা বেঁধে মারাত্মকভাবে মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পৌর শহরের চকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ওই নেতার নাম জাহিদ হাসান। তিনি নালিতাবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক এবং জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ফোরামের শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে নালিতাবাড়ী বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন জাহিদ হাসান। পথে চকপাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা তার মাথায় একটি কালো ব্যাগ পরিয়ে দেয় এবং হাত-পা বেঁধে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। নির্যাতনের একপর্যায়ে জাহিদ হাসান অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আহত জাহিদের পরিবারের সদস্যরা জানান, প্রায় আধা ঘণ্টা যাবত সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকার পর স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করেন। পরে রাত আড়াইটার দিকে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
আক্রান্ত নেতার বড় ভাই আব্দুল মোমেন ক্ষোভ প্রকাশ করে বলেন,
"রাজনৈতিক শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আমার ভাইয়ের ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। আমরা বর্তমানে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।"
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইবনে কাদের জানান, জাহিদ হাসানের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আরিফ রাব্বানী বলেন,
"জাতীয় নির্বাচনের আগেও আমরা ওই এলাকায় হেলমেট পরা কিছু সন্দেহভাজন ব্যক্তির আনাগোনার কথা শুনেছিলাম। এটি একটি পরিকল্পিত হামলা। এই জঘন্য ঘটনার প্রতিবাদে আমাদের সংগঠনের পক্ষ থেকে আগামীকাল প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হবে এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হবে।"
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, বিষয়টি তারা অবগতির মধ্যে নিয়েছেন। তিনি বলেন, "আমরা ঘটনাটি শুনেছি। এই বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
আরও পড়ুন:







.jpg)
