ঝালকাঠির নলছিটিতে একটি যাত্রীবাহী বাস সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে গেলে বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রীরা দ্রুত বেরিয়ে আসতে পারলেও সুপারভাইজার বাসের নিচে চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুপারভাইজারের নাম আল-মামুন (মনির) (৩১)। তিনি ভৈরবপাশা এলাকার আবদুল কাদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা নাহিদ সুপার পরিবহনের বাসটি ঘটনাস্থলে ওভারটেকিং করার সময় ঠিক তখনই বিপরীত দিক থেকে আরেকটি বাস চলে আসে। একই সময়ে দুই বাসের মাঝখানে একটি মাহিন্দ্র (থ্রি-হুইলার) থাকায় সংঘর্ষ এড়াতে চালক হঠাৎ বাসটির গতিপথ পরিবর্তনের চেষ্টা করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক ছেড়ে গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। তবে বাসের নিচে চাপা পড়া সুপারভাইজারকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুম ইফতেখার বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বলেন, দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে
আরও পড়ুন:







.jpg)
