কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত খোকন (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ৩০ জুন ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে বিজয়পুর বাজার এলাকায় একটি কনফেকশনারি দোকানের সামনে ফুটপাতে এ ঘটনা ঘটে।
শনিবার (৪ জুলাই) সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফুটেজ বিশ্লেষণ করে সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা খোকনকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। পরে শনিবার সন্ধ্যায় বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে শনাক্ত করে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে, সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানিয়েছেন, ভুক্তভোগী নারীর পরিচয় শনাক্ত, চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন:








