গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে যশোরে গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় জোট।
শনিবার বিকেলে শহরের ঈদগা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে দড়াটানা ও চিত্রা মোড় প্রদক্ষিণ শেষে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। পরে ঈদগা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, দেশের সম্পদ সুষম বণ্টন এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে ব্যাপক অর্থ পাচার ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি চাপে পড়েছে।
বর্তমান সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ক্ষমতায় থাকা কেউ যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় বা দুর্নীতিতে জড়িয়ে পড়ে, তবে জনগণ তার বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নামবে। তিনি আরও বলেন, জনগণ কোনো ধরনের দলীয়করণ বা ক্ষমতার অপব্যবহার মেনে নেবে না।
জুলাই আন্দোলনের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে গোলাম রসুল বলেন, জনগণের স্বার্থ রক্ষায় তারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকবেন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, মনিরুল ইসলাম ও শামসুজ্জামান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা এবং দপ্তর সম্পাদক নূর ই আল মামুন।
এ ছাড়া জোটের শরিক সংগঠনের পক্ষে বক্তব্য দেন এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা নেতা রাশেদুল ইসলাম, এনসিপি নেতা ইমদাদ হোসেন এবং শহর জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন:








