কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, গত ৩০ জুন ভোরের দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় একটি দোকানের সামনে ফুটপাতে ওই নারী ঘুমিয়ে ছিলেন। সম্প্রতি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলে বিষয়টি নজরে আসে।
ভিডিও পর্যালোচনা করে পুলিশ একজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় বাসিন্দা এবং তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণের মাধ্যমে ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে একাধিক টিম মাঠে কাজ করছে।
এদিকে ভুক্তভোগী নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ বলছে, তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:








