চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের একটি সম্ভাব্য চেষ্টা মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় প্রতিহত হয়েছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ জুলাই রাত প্রায় ১১টায় মহানন্দা ব্যাটালিয়নের অধীন চকপাড়া বিওপির বিপরীতে ভারতের অভ্যন্তরে মল্লিক সুলতানপুর এলাকায় বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের নিরাপত্তা বাতি (বর্ডার সিকিউরিটি লাইট) বন্ধ করে কিছু লোকের সমাগমের তথ্য পায় বিজিবি। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্ক অবস্থান গ্রহণ করে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, প্রায় ১২ জন ব্যক্তি শূন্য লাইন থেকে আনুমানিক ৬০০ গজ ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় অবস্থান করছিল। এ সময় বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে থেকে সীমান্তে নজরদারিতে অংশ নেন।
পরে গোয়েন্দা সূত্রে আরও জানা যায়, শনিবার (৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ তাদের নিজস্ব যানবাহনে করে ওই ব্যক্তিদের মালদা হোল্ডার সেন্টারের উদ্দেশ্যে নিয়ে যায়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিজিবি সকল ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। পাশাপাশি সীমান্ত এলাকার বাসিন্দাদের সহযোগিতায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








