চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি স্কুটিও জব্দ করা হয়।
শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জলদী এলাকায় থানার সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্র জানায়, বাঁশখালী থানার এএসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সন্দেজনক একটি লাল রঙের স্কুটি তল্লাশি করেন। এ সময় স্কুটির সামনের অংশে পা রাখার স্থানে থাকা একটি জলপাই রঙের কাঁধের ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ইয়াবাসহ আটক ব্যক্তি হলেন মো. জিয়া (৪০)।তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকার পুতুইন্না পাড়ার বাসিন্দা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, 'মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।'
আরও পড়ুন:








