শুক্রবার

৩ জুলাই, ২০২৬ ১৯ আষাঢ়, ১৪৩৩

জাল যার জল তার নীতিতে সরকার চলছে: সুলতান সালাউদ্দীন টুকু

মোঃ আরিফুল ইসলাম, নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬ ১৬:৩৬

শেয়ার

জাল যার জল তার নীতিতে সরকার চলছে: সুলতান সালাউদ্দীন টুকু
ছবি: সংগৃহীত

‘জাল যার, জল তার’ নীতিতে চলেছে সরকার। হাওরের বিস্তৃত জলাশয়ে জেলেরা যাতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারেন, সে লক্ষ্যেই সরকার এ নীতি গ্রহণ করেছে। ফলে হাওর অঞ্চলে কোনো ধরনের জলমহালের ইজারা থাকবে না। এছাড়া নেত্রকোণা জেলার বেশ কিছু নদ-নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। এসব নদ-নদী পর্যায়ক্রমে খনন করা হবে।

শুক্রবার সকালে নেত্রকোণা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, একটা কথা প্রচলন আছে- জাল যার, জলা তার। আর এ কথাটা আমরা বাস্তবে প্রয়োগ করতে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর মহোদয়ের নেতৃত্বে মদন, খালিয়াজুরি ও মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে যাচ্ছি। হাওরগুলোতে আজকে আমরা মাছের পোনা অবমুক্ত করব এবং আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে জলাশয়গুলোতে যেন সহজেই জাল ফেলে জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারে।

ইতিমধ্যেই বেশ কিছু জলাশয় উন্মুক্ত করে দিয়েছি।

সরকার ইতিমধ্যে বিভিন্ন খাল ও নদী খনন কর্মসূচি শুরু করেছে। নেত্রকোনার বেশ কিছু হাওরেরর তলদেশ ভরাট হয়ে গেছে। এসব হাওরের তলদেশ খনন করা প্রয়োজন।'

এসময় আরও উপস্থিত ছিলেন, রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ছাড়াও নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মহাপরিচালক মো. খালেদ কনক, পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেন, ইতিমধ্যে নেত্রকোনা জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সরকর বেশ কিছু প্রকল্প হাতে নেয়া হয়েছে। এসব প্রকল্পের কিছু কাজ চলমান রয়েছে, আবার কিছু পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এরমধ্যে রেল পথে যোগাযোগের জন্য ঢাকা-মোহনগঞ্জ রেলপথে আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, বন্ধ হয়ে যাওয়া কম্পিউটার ট্রেনটি চালু, নেত্রকোনার চল্লিশা, হিরনপুরসহ বন্ধ হয়ে যাওয়া কয়েকটি রেল স্টেশন চালু, জরাজীর্ণ স্টেশনগুলো সংস্কারসহ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া জারিয়া থেকে বিরিশিরি পর্যন্ত নতুন করে রেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। সড়কপথ উন্নয়নে নেত্রকোনার রাজুর বাজার থেকে বিরিশিরি সড়কে ঢেউটুকোন এলাকায় কংস নদের উপর সেতু, দুর্গাপুরে সোমেশ্বরী, কলমাকান্দায় মহাদেও নদে সেতুসহ কিছু সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।'

নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেন, আমার নির্বাচনী এলাকায় কৃষি কার্ডের অনিয়োমের বেশ কিছু অভিযোগ আমি পেয়েছি। তালিকা করার সময় প্রকৃত ক্ষতিগ্রস্ত কিছু কৃষকের নাম বাদ পরেছে। আবার একই পরিবারের একাধিক ব্যক্তির নামেও কার্ড হয়েছে। এই বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে।



banner close
banner close