হবিগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে জাল কাস্টমস কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে আনা প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে মাদকবিরোধী পৃথক অভিযানে ভারতীয় মদ ও ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে।
বুধবার গভীর রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে তল্লাশি চৌকি স্থাপন করে। রাত আনুমানিক ১২টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক সেখানে পৌঁছালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ট্রাকটি তল্লাশি করে ড্যাশবোর্ড থেকে তামাবিল ল্যান্ড কাস্টমস স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তার স্বাক্ষরযুক্ত বিল অব এন্ট্রি ও এক্সপোর্ট-সংক্রান্ত কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে যাচাই-বাছাই করে জানা যায়, উদ্ধার করা কাগজপত্রগুলো সম্পূর্ণ জাল। ফটোকপি ও কম্পিউটারে তৈরি নথিতে কর্মকর্তার স্বাক্ষর স্ক্যান করে ব্যবহার করা হয়েছিল।
এরপর ট্রাকটি তল্লাশি করে ২০০ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরা ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।
এদিকে একই দিনে পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ ও ইয়াবাসহ চারজনকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ৫৫ বিজিবি।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক (৫৫ বিজিবি) জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি এ ধরনের অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন:








