পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেয়ার পাশাপাশি তিনি নগদ অর্থ, টিন ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বসতঘরের মালিককে জনপ্রতি ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি প্রত্যেককে দুই বান টিন এবং প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেয়া হয়।
ক্ষতিগ্রস্তদের উদ্দেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, 'আপনাদের ক্ষতির তুলনায় আমাদের এই সহযোগিতা খুবই সামান্য। তবুও মানবিক দায়িত্ববোধ থেকে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে থাকব।'
তিনি আরও বলেন, 'আমরা কোনো দল-মত বিবেচনা করে সহযোগিতা করি না। এখানে হিন্দু, মুসলিম ও বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের দোকান রয়েছে। তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন, আর সেটিই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।'
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন। এমন সময়ে জনপ্রতিনিধির এই সহযোগিতা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। তারা ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি ও সামাজিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল হোসেন, বগা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক মুজাহিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন:








