বৃহস্পতিবার

২ জুলাই, ২০২৬ ১৭ আষাঢ়, ১৪৩৩

জুনে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬ ২২:৫৪

শেয়ার

জুনে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার
ছবি এআই মাধ্যমে তৈরি

বুধবার (১ জুলাই) বাংলাদেশ মহিলা পরিষদের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের জুন মাসে সারা দেশে ৩৩৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এই প্রতিবেদন প্রস্তুত করা হয় ১৫টি জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ বিশ্লেষণ করে, যা সংগঠনের লিগ্যাল এইড উপপরিষদ সংরক্ষণ করে।

প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে ৭২ জন কন্যাশিশু ও ২৮ জন নারীসহ মোট ১০০ জন ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ১২ জন কন্যাশিশুসহ ২৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর সাতজন কন্যাশিশুকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের কারণে একজন কন্যাশিশু আত্মহত্যা করেছে। এ ছাড়া ৩১ জন কন্যাশিশুসহ ৩৪ জনকে ধর্ষণচেষ্টার শিকার হতে হয়েছে।

যৌন সহিংসতার শিকার হয়েছেন ২৭ জন কন্যাশিশুসহ ৪৩ জন। এর মধ্যে আটজন কন্যাশিশুসহ ১১ জন যৌন নিপীড়নের শিকার এবং ১৭ জন কন্যাশিশুসহ ২৯ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন। সাইবার সহিংসতার শিকার হয়েছেন দুজন কন্যাশিশুসহ অন্তত তিনজন। বিভিন্ন কারণে ৯ জন কন্যাশিশু ও ৪৫ জন নারীসহ মোট ৫৪ জন হত্যার শিকার হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, জুন মাসে চারজন নারীকে হত্যাচেষ্টা করা হয়েছে। ১২ জন কন্যাশিশু ও ২১ জন নারীসহ ৩৩ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। চারজন কন্যাশিশুসহ ১২ জন আত্মহত্যার শিকার হয়েছেন, যাদের মধ্যে দুজন আত্মহত্যায় প্ররোচিত হয়েছেন। এসিডদগ্ধের শিকার হয়েছেন দুজন, যাদের একজন কন্যাশিশু। অগ্নিদগ্ধ হয়েছেন একজন নারী।

যৌতুকের কারণে নির্যাতনের শিকার পাঁচজনের মধ্যে চারজন নারী নিহত হয়েছেন। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন একজন কন্যাশিশুসহ চারজন। গৃহকর্মী হিসেবে নির্যাতনের শিকার হয়েছেন দুজন কন্যাশিশু, যাদের একজন নিহত হয়েছেন। অপহরণের শিকার হয়েছেন পাঁচজন কন্যাশিশু, আর অপহরণচেষ্টার শিকার হয়েছেন আরও পাঁচজন কন্যাশিশু।

প্রতিবেদন অনুযায়ী, দুজন কন্যাশিশু পাচারের শিকার হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তিনজন কন্যাশিশুসহ ১৯ জন। বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে একটি। এ ছাড়া দুজন কন্যাশিশুসহ অন্তত সাতজন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।



banner close
banner close