বৃহস্পতিবার

২ জুলাই, ২০২৬ ১৭ আষাঢ়, ১৪৩৩

বাঁশখালীতে প্রকাশ্যে মাদক সেবনে হাতেনাতে ধরা যুবক, শেষ ঠিকানা কারাগার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬ ২২:৫৩

আপডেট: ১ জুলাই, ২০২৬ ২২:৫৪

শেয়ার

বাঁশখালীতে প্রকাশ্যে মাদক সেবনে হাতেনাতে ধরা যুবক, শেষ ঠিকানা কারাগার
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় মাদকদ্রব্য সেবনের দায়ে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার জলদির বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, পৌরসভার দক্ষিণ জলদীর ৮ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার শফিউল আলমের ছেলে মো. সাগর (২২) জলদী পৌরসভার আস্করিয়া পাড়া এলাকায় মাদকদ্রব্য ক্রয় করে সেবন করার সময় হাতেনাতে আটক হন। পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের প্রাথমিক সত্যতা ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে দুই ব্যক্তিকে গুরুতর আহত করার অভিযোগ ছিল। পাশাপাশি অসামাজিক ও বেপরোয়া আচরণের কারণে তাকে পূর্বে সেফ হোমের কাস্টডিতেও পাঠানো হয়েছিল।

ভ্রাম্যমাণ আদালতে দেওয়া ভিডিও স্বীকারোক্তিতে মো. সাগর জানান, তিনি বর্তমানে বেকার এবং পরিবারের কাছ থেকে হাতখরচের নামে টাকা নিয়ে নিয়মিত মাদকদ্রব্য সেবন করতেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদক সেবন ও মাদক-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close