শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

গাংনীতে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকিপত্র উদ্ধার

সেলিম রেজা , মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬ ১৪:২৪

শেয়ার

গাংনীতে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকিপত্র উদ্ধার
ছবি: বাংলা এডিশন

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে আক্কাস আলী (৪৫) নামে এক শিক্ষকের বাড়ি থেকে একটি বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে বাড়ির মালিক সিঁড়ির রুমে লাল টেটে মোড়ানো বোমাসদৃশ বস্তু ও চিরকুট দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। আক্কাস আলী কসবা গ্রামের মোল্লাপাড়ার রজব আলীর ছেলে ও গাংনী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এলাকার সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে প্রায় ৬ মাস ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন। আজকে কাগজপত্র নিয়ে ভূমি অফিসে যাওয়ার কথা ছিল আক্কাস আলীর। এর আগেই দুর্বৃত্তরা বাড়িতে বোমাসদৃশ বস্তু ও একটি হুমকিমূলক চিরকুট রেখে যায় বলে অভিযোগ উঠেছে।

চিরকুটে রাস্তার পাশ দিয়ে পানি চলাচল বাধাগ্রস্ত না করার হুমকি দিয়ে প্রাণনাশের হুমকি লেখা ছিল।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।