কুমিল্লার চৌদ্দগ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ ৯ জনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৫৩০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম (তাস) উদ্ধার করা হয়।
আটকৃতদের মধ্যে রয়েছেন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের ননা মিয়ার ছেলে সামছুল আলম প্রকাশ নেতা কালাম। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদপ্রার্থী ছিলেন। এছাড়া আটক অন্যরা হলেন একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে জহিরুল হক, বৈলপুর গ্রামের মৃত মন্তু মিয়ার ছেলে শাহ আলম, আফজাল হোসেনের ছেলে মো. ইলিয়াছ, মৃত আতাউর রহমানের ছেলে গিয়াস উদ্দিন, মৃত মমতাজ উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল মামুন, দেড়কোটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বেলাল হোসেন, মৃত আবদুল কাদেরের ছেলে বেলাল হোসেন এবং মিতল্লা গ্রামের হাসানুজ্জামানের ছেলে নুরে আলম।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।
থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা বাজারে আবুল খায়েরের পরিত্যক্ত একটি দোকানঘরে নিয়মিত জুয়ার আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ জুন) রাতে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় জুয়া খেলায় লিপ্ত অবস্থায় ৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৫৩০ টাকা এবং জুয়া খেলার তাস জব্দ করা হয়।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূর নবী জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। তবে সন্ধ্যায় তারা জামিনে মুক্তি লাভ করেন।
তিনি আরও বলেন, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:

.jpg)






