চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি ঘটনায় পদ্মা ও মহানন্দা নদীতে পানিতে ডুবে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আলীনগর ঘাট এলাকায় পদ্মা নদী এবং বারঘরিয়া এলাকায় মহানন্দা নদীতে এ ঘটনাগুলো ঘটে।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন সদর উপজেলার সুন্দরপুর রউফ হাজিপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত এবং ইসলামপুর চরতেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল। তারা দুজনই সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে রিফাত ও রাসেল। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
এদিকে, একই দিনে সদর উপজেলার বারঘরিয়া এলাকায় মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মো. সাকিরুল ইসলাম (৩০)। তিনি পৌর এলাকার আরামবাগ-আজাইপুর মহল্লার রুহুল আমিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন। মহানন্দা নদীতে নিখোঁজ সাকিরুল ইসলামকেও উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:








