মঙ্গলবার

৩০ জুন, ২০২৬ ১৬ আষাঢ়, ১৪৩৩

বগুড়ায় পথকুকুরকে কুপিয়ে হত্যাচেষ্টা: অভিযুক্ত গ্রেফতার

আবুল কালাম আজাদ, বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ১৩:৩৩

শেয়ার

বগুড়ায় পথকুকুরকে কুপিয়ে হত্যাচেষ্টা: অভিযুক্ত গ্রেফতার
ছবি: সংগৃহীত

বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে নির্মমভাবে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত মো. স্বপন কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি অত্যাধুনিক বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পৃথক একটি অস্ত্র মামলাও দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৯ জুন দুপুরে কানছগাড়ী এলাকার ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের গলিতে একটি পথকুকুরকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া সদর শাখার আহ্বায়ক সদস্য এমরান হোসেন ঘটনাস্থলে গিয়ে স্থানীয় দুই যুবকের সহায়তায় কুকুরটিকে উদ্ধার করেন। পরে জলেশ্বরীতলায় একটি পেটস কনসাল্টেন্সিতে নিয়ে গেলে উপজেলা ও জেলা প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকরা সমন্বিতভাবে প্রাণীটির চিকিৎসা শুরু করেন।

পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, কানছগাড়ী এলাকার বাসিন্দা মো. স্বপন ধারালো অস্ত্র দিয়ে কুকুরটির ওপর হামলা চালান। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় এমরান হোসেন বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বকসিবাজার ১ নম্বর (মেইন) গেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত স্বপনকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার জানান, উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় গ্রেফতারকৃত স্বপনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পৃথক একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



banner close
banner close