মঙ্গলবার

৩০ জুন, ২০২৬ ১৬ আষাঢ়, ১৪৩৩

দেশে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ১১:১২

শেয়ার

দেশে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ
ছবি সংগৃহীত

সিলেটে পৌঁছেছে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ। মঙ্গলবার (৩০ জুন) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

শ্রম কল্যাণ উইং সূত্রে জানা গেছে, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। কাতারের স্থানীয় সময় সোমবার (২৯ জুন) রাত ১০টা ১৫ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ নম্বর ফ্লাইটে মরদেহগুলো পাঠানো হয়। ফ্লাইটটি মঙ্গলবার (৩০ জুন) সকাল ৬টা ৫০ মিনিটে সিলেটে অবতরণ করে।

এর আগে, গত রবিবার (২১ জুন) সকালে কাতারের শাহানিয়া এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ওই গাড়িতে করে কর্মস্থলে যাওয়ার সময় ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিকসহ মোট ছয়জন প্রাণ হারান। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ কাতারের একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছিল।

নিহত পাঁচ প্রবাসীই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তাঁরা হলেন-গাছবাড়ী গ্রামের আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান ও জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, কাতার প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।



banner close
banner close