গাইবান্ধায় বিএনপি’র নেতা-কর্মীদের হামলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে পিরোজপুর জেলা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। সোমবার বিকালে শিবিরের জেলা শাখার আয়োজনে পিরোজপুর শহরের সিও অফিস মোড় থেকে মিছিলটি শুরু করে শহরের কৃষ্ণচুড়ার মোড় ঘুরে প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ের সামনে এসে পথসভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতি ইমরান খান, সেক্রেটারী মিজানুর রহমান ও অর্থ সম্পাদক আবু ছালেহ প্রমূখ।
মিছিলে জেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রশিবিরের সহশ্রাধিক নেতা কর্মীরা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, সরকার বিএনপি’র সন্ত্রাসী বাহিনীদেরকে দিয়ে গুম, খুন ও চাঁদাবাজিসহ নানা অপকর্ম করিয়ে ক্ষমতার মসনদে টিকে থাকতে চায়। ইতিমধ্যে এসব অপকর্মের কারণে হাসিনাকে কিন্তু পালিয়ে যেতে হয়েছে। আপনাদেরকে হুসিয়ারী করে বলতে চাই, আপনারা যদি এই সন্ত্রাসী বাহিনীদেরকে নিয়ন্ত্রনে না আনতে পারেন তাহলে আপনারা কিন্তু পালাবার পথ পাবেন না। বাংলার মানুষ কিন্তু এসব অত্যাচারের কারণে অতিষ্ঠ হয়ে আপনাদেরকে দেশ ছাড়তে বাধ্য করবে।
শিবিরি সভাপতি ইমরান খান বলেন, সাইফুল্লাহ ভাইকে হত্যা করার পরে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে কিন্তু সরকার ও প্রশাসন কোন ধরণের পদক্ষেপ নিচ্ছেন না। যদি শিবিরের কোন ভাইয়ের ওপর আঘাত আসে তাহলে আমাদের হৃদয়ে আঘাত পাই, আর যদি কোন ভাইকে হত্যা করা হয় তাহলে আমাদের অন্তরের মধ্যে আগুন জ্বলে যায়। সেই আগুন আপনাদেরকে শেষ করার আগে আপনাদের সাবধান করে দিচ্ছি। এই হত্যা কান্ডের সকল অপরাধীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। ছাত্রশিবির হচ্ছে একটা জনসমূদ্র এই সমূদ্রে যদি ঝড় ওঠে তাহলে সকল ফ্যাসিবাদ ভেঙ্গে চুড়মার হয়ে যাবে। তিনি পরবর্তী কর্মসূচি পালনের জন্য সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রস্তুত থাকারও আহবান জানান।
প্রসঙ্গত, চলতি বছরের ২১ জুন গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী (২৪)কে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা হাবিবুর রহমান বাদী হয়ে স্থানীয় ইউনিয়ন যুবদলের আহবায়ক মুকুল মিয়াসহ ৬ জনের নাম উল্লেখ করে ১৪/১৫ জন অজ্ঞাতনামা আসামী দেখিয়ে সাঘাটা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
আরও পড়ুন:








