মঙ্গলবার

৩০ জুন, ২০২৬ ১৭ আষাঢ়, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ২২:৫৮

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে সুদের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলা এই সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের খাদেম মোল্লার কাছে সুদের এক লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন। খাদেম মোল্লা তা দিতে অস্বীকৃতি জানালে রবিবার (২৮ জুন) রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষে মো. খাদিম নামে একজন নিহত হন।

এই ঘটনার জেরে সোমবার (২৯ জুন) বিকেলে নিহত খাদিমের জানাজার নামাজের পর দুই গ্রামের বাসিন্দারা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের পাশাপাশি পুলিশ সদস্যরাও আহত হন। সংঘর্ষ নিয়ন্ত্রণে যাওয়ার সময় ওসি মনজুর কাদের ভূঁইয়ার চোখে ঢিল লেগে তিনি আহত হন।

ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, অতিরিক্ত পুলিশ সদস্যদের প্রচেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে রবিবার (২৮ জুন) রাতের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলার এজাহার দাখিল হয়নি।



banner close
banner close