জাহিদ হাসান,নাটোর জেলা প্রতিনিধি:নাটোর জেলা জজ আদালত প্রাঙ্গণে নিজ সেরেস্তায় কাজ করার সময় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন নাটোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট মো. আসাদুল ইসলাম আসাদ। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন আইনজীবী ও সেরেস্তার কর্মচারীরা।
আটক ব্যক্তি সিংড়া উপজেলার মহিষমারি গ্রামের রেজাউল করিমের ছেলে কাবিল উদ্দিন (২৮)।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) বিকেল প্রায় ৩টার দিকে অ্যাডভোকেট আসাদ নিজ সেরেস্তায় আইনি কাজে ব্যস্ত ছিলেন। এ সময় কাবিল উদ্দিন হঠাৎ লাঠি নিয়ে অতর্কিত হামলা চালান। হামলায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। আঘাত প্রতিহত করতে গেলে দুই হাতের আঙুল ভেঙে যায় এবং পায়েও গুরুতর জখম হন তিনি।
আহত আইনজীবীর ছোট ভাই অ্যাডভোকেট নাজমুল হক জানান, মহিষমারি এলাকায় জমি নিয়ে কাবিল উদ্দিনের সঙ্গে তাদের পূর্বে বিরোধ থাকলেও সেটি অনেক আগেই মীমাংসা হয়েছে। সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে কোনো ধরনের বিরোধ ছিল না। তাই এ হামলার ঘটনায় পরিবার বিস্মিত।
হামলার পর আদালত প্রাঙ্গণে কর্মরত আইনজীবী ও সেরেস্তার লোকজন দ্রুত হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে গুরুতর আহত অ্যাডভোকেট আসাদকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, "অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।"
আরও পড়ুন:








