সোমবার

২৯ জুন, ২০২৬ ১৫ আষাঢ়, ১৪৩৩

হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবির ৫৫ ব্যাটালিয়ন

শেখ বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ২০:০৪

শেয়ার

হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবির ৫৫ ব্যাটালিয়ন
ছবি: সংগৃহীত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কথিত পুশ-ইনের প্রচেষ্টা প্রতিরোধে হবিগঞ্জ জেলার সীমান্তজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। জেলার ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা টহল, গোয়েন্দা নজরদারি এবং সতর্কতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ, স্থানীয় কৃষক, চা শ্রমিক ও সাধারণ মানুষের সমন্বয়ে সীমান্ত নিরাপত্তায় একটি শক্তিশালী সমন্বয় গড়ে উঠেছে।

বিজিবি সূত্র জানায়, সম্প্রতি সীমান্ত দিয়ে পুশ-ইনের প্রচেষ্টা বৃদ্ধির প্রেক্ষাপটে ৫৫ বিজিবির অধীন ১৬টি সীমান্ত ফাঁড়ি (বিওপি) থেকে নিরবচ্ছিন্ন টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত উঠান বৈঠক, মাইকিং এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্থানীয় চা শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ, গ্রাম পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্তে নজরদারি এবং সন্দেহজনক তৎপরতার তথ্য সরবরাহ করছেন। বিজিবির দাবি, এই সমন্বিত উদ্যোগের ফলে এখন পর্যন্ত হবিগঞ্জ সীমান্ত দিয়ে কোনো পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।

বিজিবি জানায়, গত ২৭ ও ২৮ জুন রাতে এবং ভোরে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া ও গুইবিল সীমান্ত এলাকায় বিএসএফের পক্ষ থেকে রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে একাধিক পুশ-ইনের চেষ্টা করা হয়। তবে বিজিবির টহলদল তাৎক্ষণিকভাবে সীমান্তের শূন্যরেখায় অবস্থান নিয়ে সেই প্রচেষ্টা প্রতিহত করে। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “হবিগঞ্জ সীমান্তে আমরা একা নই। বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি, স্থানীয় কৃষক, চা শ্রমিক ও খেটে খাওয়া মানুষ সবাই মিলে একটি অটুট সেতুবন্ধন গড়ে তুলেছি। দেশের সীমান্ত রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষের এই দেশপ্রেমই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি ইঞ্চি সীমান্ত পাহারা দিচ্ছি। যেকোনো ধরনের পুশ-ইন বা অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

বর্তমানে হবিগঞ্জ জেলার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশ-ইনের প্রচেষ্টা মোকাবিলায় ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।



banner close
banner close