নেত্রকোনার বারহাট্টায় ইয়াবা ও হেরোইনসহ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নিচ চিরাম গ্রামের মো. ফজল করিমের ছেলে জোবায়েল হোসেন ও তোফায়েল হোসেন। জোবায়েল একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে দুই ভাইকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোবায়েল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে বসতঘরে তল্লাশি চালায়। এ সময় চারটি ইয়াবা ট্যাবলেট ও শূন্য দশমিক ৭০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জোবায়েল উদ্ধার হওয়া মাদকের দায় স্বীকার করলেও বড় চালানের বিষয়ে কোনো তথ্য দেননি।
পরে জোবায়েলকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তোফায়েলসহ কয়েকজন স্বজন পুলিশের কাজে বাধা দেন এবং বাঁশ-লাঠি নিয়ে ধস্তাধস্তি করে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে তোফায়েলকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যান।
এ ঘটনায় তোফায়েলসহ সাতজনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
ওসি চম্পক দাম বলেন, গ্রেপ্তার দুই ভাইকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
আরও পড়ুন:








