নেত্রকোণা পৌর শহরের সরকারি কৃষি ফার্ম এলাকা থেকে দিনের বেলায় একটি গরু চুরির অভিযোগ উঠেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী এসএম মহিদুর রহমান টিপু জানান, বৃহস্পতিবার বিকেলে প্রতিদিনের মতো তিনি তার গরুটি সরকারি কৃষি ফার্ম এলাকায় ঘাস খাওয়ার জন্য রেখে পাশের একটি দোকানে চা পান করতে যান। ফিরে এসে গরুটি দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনের একটি দোকান থেকে সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলে সেখানে এক ব্যক্তিকে গরুটি নিয়ে যেতে দেখা যায় বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় তিনি নেত্রকোণা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দ্রুত তদন্ত করে গরুটি উদ্ধার এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা হোক।
স্থানীয় বাসিন্দা তানভীর চৌধুরী বলেন, জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনের সড়ক থেকে দিনের বেলায় গরু চুরির ঘটনাটি উদ্বেগজনক। সিসিটিভি ফুটেজ থাকায় অভিযুক্তকে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সরকার বলেন, "এখনও লিখিত অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হবে।"
আরও পড়ুন:








