শুক্রবার

২৬ জুন, ২০২৬ ১২ আষাঢ়, ১৪৩৩

বাগেরহাট হাসপাতালে ডেঙ্গুর চাপ: এক ওয়ার্ডে নারী-পুরুষ

সাগর মন্ডল, বাগেরহাট প্রতিন্রিহি

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬ ১৩:২০

শেয়ার

বাগেরহাট হাসপাতালে ডেঙ্গুর চাপ: এক ওয়ার্ডে নারী-পুরুষ
ছবি: সংগৃহীত

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় চিকিৎসাসেবায় চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হওয়ায় বর্তমানে হাসপাতালে মোট ৩৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন রোগী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহের ব্যবধানে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় শয্যা সংকট দেখা দিয়েছে। এ কারণে নারী ও পুরুষ রোগীদের একই ওয়ার্ডে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

রোগীদের অভিযোগ, ডেঙ্গু আক্রান্ত নারী ও পুরুষ রোগীদের জন্য পৃথক ওয়ার্ড না থাকায় কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া দিনের বেলায় অনেক রোগীকেই মশারী ছাড়াই হাসপাতালে অবস্থান করতে হচ্ছে, যা নতুন করে সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন তারা। ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত মশারী সরবরাহ এবং নারী-পুরুষের জন্য পৃথক ওয়ার্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা।

তবে হাসপাতালের সেবার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন কয়েকজন রোগী।

তারা বলেন, রোগীর চাপ কিছুটা বেশি থাকলেও চিকিৎসক ও নার্সরা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করছেন।

এ বিষয়ে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, হঠাৎ করে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় কিছুটা চাপ সৃষ্টি হয়েছে। তারপরও রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সরা নিরলসভাবে কাজ করছেন। রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও তিনি জানান।



banner close
banner close