ঝিনাইদহের শৈলকুপায় চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে স্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় শৈলকুপা উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এই সচেতনতামূলক কার্যক্রম বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচালিত হয়।
শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা মাদকবিরোধী বিভিন্ন প্লাকার্ড নিয়ে দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন। জনসচেতনতামূলক এই পদযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শৈলকুপার কবিরপুর, গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড, শেখপাড়া বাজার, তমালতলা বাজার, কচুয়া বাজার, কাতলাগাড়ি নতুন বাজার, খুলুমবাড়িয়া বাজার, লাঙ্গলবাধ বাজার এবং হাটফাজিলপুর বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। পথে পথে সাধারণ মানুষ হাত নেড়ে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের স্বাগত জানান।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ফরিদ রেজা জানান, মাননীয় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এর আহ্বানে তারা এই কর্মসূচি হাতে নিয়েছেন। সম্প্রতি মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে আইনমন্ত্রী মাদকের বিরুদ্ধে আরও একটি যুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানালে মুক্তিযোদ্ধারা এই উদ্যোগ গ্রহণ করেন। পথসভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সমাবেশে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ফরিদ রেজা, সদস্য সচিব আবুল হাশেমসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি যুবসমাজকে সুপথে ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন:








