ফরিদপুরের মধুখালী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ডেকোরেটর প্রতিষ্ঠানের গুদামঘরসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিক ও মধুখালী পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আনিসুর রহমান লিটন।
বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে মধুখালী-ওমরআলী সড়কের থানার সামনে চন্দনা নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত ‘লিটন ডেকোরেটর’-এর গুদামে এ আগুন লাগে।
স্থানীয়রা জানান, গভীর রাতে গুদামঘর থেকে আগুনের শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে মধুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গুদামে থাকা অধিকাংশ মালামাল আগুনে পুড়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, প্রায় ৩ হাজার ২০০ বর্গফুট আয়তনের টিনশেড শোরুম ও গুদামঘরে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় গুদামের দরজা বন্ধ ছিল, জানালাও ছিল না এবং ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। ফলে আগুন লাগার কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য।
মধুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. রাশেদুল আলম জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনিসুর রহমান লিটন জানান, প্রায় ২৭ বছরের পরিশ্রমে গড়ে তোলা তার ব্যবসা এক রাতেই ধ্বংস হয়ে গেছে। আগুনে দুটি নসিমন, সহস্রাধিক চেয়ার, প্রায় ২০০টি টেবিল, চিনামাটির প্লেট, সসপ্যান, কাপড় ও বিভিন্ন ইভেন্ট সামগ্রীসহ গুদামের সব মালামাল পুড়ে গেছে।
তিনি বলেন, “জীবনের সব সঞ্চয় এই ব্যবসায় ছিল। ২৭ বছরের গড়ে তোলা প্রতিষ্ঠান এক রাতেই শেষ হয়ে গেল।”
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন:








