নগরবাসীর জন্য পরিচ্ছন্ন ও আধুনিক নগর সেবা নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ১ থেকে ৫৭ নং ওয়ার্ডে একযোগে ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার টঙ্গীর (অঞ্চল-১) সাতাইশের খেরতৈল, তিলেরগাতি, আর্দশ পাড়া ,কাজী পাড়াসহ বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে এসব কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম (যুগ্মসচিব)।
এ সময় নগরীর বিভিন্ন এলাকায় তিনটি নতুন সড়ক এবং আরসিসি ড্রেন নির্মাণ কাজেরও শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরীর অবকাঠামোগত উন্নয়ন যেমন ত্বরান্বিত হবে, তেমনি জলাবদ্ধতা নিরসন ও নাগরিক দুর্ভোগও কমবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা এবং কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক নগর গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রয়েছে। নগরবাসীর জীবনমান উন্নয়ন এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
আরও পড়ুন:








