বৃহস্পতিবার

২৫ জুন, ২০২৬ ১২ আষাঢ়, ১৪৩৩

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ হারালেন আইনজীবী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ২২:৪৭

শেয়ার

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ হারালেন আইনজীবী
ছবি: সংগৃহীত

চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে ডান চোখ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবী শ্যামল চন্দ্র দাস (৪৫)।

মঙ্গলবার ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান চোখটি অপসারণ করতে হয়।

বুধবার বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির সভাপতি মানছুরুল হক মনা জানান, পারিবারিক কাজে তিনি ও শ্যামল চন্দ্র দাস সোমবার সকালে ঢাকায় যান। রাতে তারা তূর্ণা নিশিতা ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন।

রাত দেড়টার দিকে ট্রেনটি আশুগঞ্জের তালশহর রেলস্টেশন অতিক্রম করার সময় বাইরে থেকে ছোড়া একটি পাথর এসে শ্যামল চন্দ্র দাসের ডান চোখে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে নেমে তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা তার ডান চোখটি অপসারণ করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, ঘটনাটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। তবে ঘটনাস্থল সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



banner close
banner close