বুধবার

২৪ জুন, ২০২৬ ১০ আষাঢ়, ১৪৩৩

পেঁয়াজের দরপতনে দিশেহারা কৃষক, ক্ষোভে পানিতে ফেললেন পেঁয়াজ

মোঃ হামজা শেখ, রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১৭:৪৫

শেয়ার

পেঁয়াজের দরপতনে দিশেহারা কৃষক, ক্ষোভে পানিতে ফেললেন পেঁয়াজ
ছবি সংগৃহীত

রাজবাড়ীতে পেঁয়াজের ন্যায্যমূল্য না পেয়ে ক্ষোভ প্রকাশ করতে পানিতে পেঁয়াজ ফেলে প্রতিবাদ জানিয়েছেন এক কৃষক। এ ঘটনায় জেলার পেঁয়াজ চাষিদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে পেঁয়াজ বিক্রি করতে আসেন স্থানীয় অসংখ্য কৃষক। তবে বাজারে পেঁয়াজের দাম আশানুরূপ না হওয়ায় অনেক কৃষকই বিক্রি না করে পণ্য ফিরিয়ে নিয়ে যান।

এ সময় আলী আজগর নামের এক কৃষক ক্ষোভে নিজের ৬ বস্তা পেঁয়াজ বাজারসংলগ্ন পানিতে ফেলে দেন। ঘটনাটি উপস্থিত কয়েকজন মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচের তুলনায় বর্তমান বাজারদর অত্যন্ত কম। ফলে পেঁয়াজ বিক্রি করে তারা লোকসানের মুখে পড়ছেন। এতে কৃষকদের মধ্যে হতাশা বাড়ছে এবং ভবিষ্যতে পেঁয়াজ চাষে আগ্রহ কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

রাজবাড়ীর বিভিন্ন পেঁয়াজ বাজার ঘুরে জানা গেছে, বর্তমানে প্রতি মণ পেঁয়াজ ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষকদের দাবি, এ দামে উৎপাদন খরচও ওঠে না। তাদের মতে, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের খরচ মিলিয়ে উৎপাদন ব্যয় অনেক বেশি হলেও বাজারে সেই অনুযায়ী দাম মিলছে না।



banner close
banner close