বুধবার

২৪ জুন, ২০২৬ ১০ আষাঢ়, ১৪৩৩

টঙ্গীতে আগুনে পুড়ল ৩১ ঘর

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১৬:৩২

শেয়ার

টঙ্গীতে আগুনে পুড়ল ৩১ ঘর
ছবি বাংলা এডিশন

গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ৩১টি ঘর পুড়ে গেছে। এতে বহু পরিবার তাদের বসতঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর দক্ষিণ আরিচপুর মুন্সিপাড়া রোডের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার একটি ইউনিটে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন কক্ষের বিভিন্ন আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কক্ষটির আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

এর কিছুক্ষণ পর সকাল পৌনে ৬টার দিকে টঙ্গীর মুদাফা পশ্চিমপাড়া বিশারটেক এলাকায় বাহার উদ্দিনের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত বস্তির একের পর এক কক্ষে ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বস্তির ৩০টি কক্ষ এবং সেখানে থাকা বিপুল পরিমাণ আসবাবপত্র ও মূল্যবান মালামাল আগুনে ভস্মীভূত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম জানান, পৃথক দুটি অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট কাজ করেছে। মুদাফা এলাকার বস্তির ৩০টি কক্ষ এবং আরিচপুর এলাকার বহুতল ভবনের একটি কক্ষের মালামাল পুড়ে গেছে।

তিনি আরও জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



banner close
banner close