চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারটি কাপড়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘রাজশাহী স্টোর’ থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকালে হঠাৎ একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে তারা অগ্নিকাণ্ডের বিষয়টি টের পান। এরপর ব্যবসায়ীরা নিজেরাই প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট প্রায় দেড় থেকে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা ও আরও ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে মার্কেটটি রক্ষা পায়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী উপ-পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে রাজশাহী স্টোর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে মূল দোকানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশের আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতির মুখে পড়েছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
অন্যদিকে, রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের উৎস এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা হবে।
এদিকে ক্ষতিগ্রস্ত রাজশাহী স্টোরের মালিক শফিকুল ইসলাম দাবি করেন, তার দোকানে থাকা প্রায় দুই কোটি টাকার তৈরি পোশাক আগুনে পুড়ে গেছে। এছাড়া দোকানের আসবাবপত্র, মূল্যবান সরঞ্জাম ও নগদ অর্থসহ মোট ক্ষতির পরিমাণ আড়াই কোটি টাকারও বেশি হতে পারে বলে তিনি জানান।
অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার দাবি জানিয়েছেন তারা।
আরও পড়ুন:








